ঈদকে সামনে রেখে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক নারীকে গ্রেফতার করা হয়েছে এবং তার স্বামী পলাতক রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার পরিদর্শক জুয়েল-এর নেতৃত্বে ১১ মার্চ দুপুরে পলাশবাড়ী উপজেলার করতোয়া পাড়া আমবাগান এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি নামবিহীন ঔষধের দোকানে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে দোকানের ভেতর থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৫ পাতা (মোট ১৫০ পিস) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানা গেছে।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে মোছা. রাবেয়া বেগম (৩৬) নামে এক নারীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী মো. হারুন অর রশীদ (৪৮) পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার এজাহারকারী মো. মোস্তফা জামান, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







