কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নে জমি দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল কবিরের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার মালিগাঁও এলাকার ভূঁইয়া বাড়িতে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, অ্যাডভোকেট রেজাউল কবির আইনজীবী হিসেবে মানুষের আইনি সহায়তার প্রয়োজনকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে নিরীহ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জমি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেছেন। আরও অভিযোগ করা হয়, তিনি একটি ভাড়াটিয়া বাহিনী গড়ে তুলে প্রভাব বিস্তার করে বিভিন্ন ব্যক্তির জমি দখল এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
ভুক্তভোগীদের দাবি, এসব কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছেন এবং অনেকেই ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের জমি ফেরত নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মো. জসিমউদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আব্দুল রব হাজী, আব্দুল রশিদ ভূঁইয়া, সাইফুল ইসলাম, আব্দুল মতিনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বিষয়ে অ্যাডভোকেট রেজাউল কবিরের বক্তব্য পাওয়া যায়নি।






