নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মশক নিধন ওষুধ সরবরাহকে কেন্দ্র করে একটি প্রতিযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। টেন্ডারে কাজ না পেয়ে ক্ষুব্ধ হয়ে একটি চক্র ‘ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড’-এর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠানটি।
টেন্ডারে ব্যর্থ হয়ে ব্যবসায়িক প্রতিহিংসা:
প্রতিষ্ঠানটির মালিকপক্ষ জানায়, তারা নিয়মতান্ত্রিক উপায়ে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মশক নিধন ওষুধ সরবরাহের কার্যাদেশ পায়। কিন্তু টেন্ডারে অংশ নিয়ে কাজ পেতে ব্যর্থ হওয়া একটি অন্য প্রতিষ্ঠান আক্রোশমূলকভাবে ফরওয়ার্ড ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ভুয়া তথ্য, দুর্নাম ও অপপ্রচার রটাতে শুরু করে। এমনকি ইলেকট্রনিক মিডিয়ায় মানহানিকর ও বানোয়াট প্রতিবেদন প্রচার করানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
গুণগত মান পরীক্ষার শতভাগ স্বচ্ছতা:
অভিযোগে ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা নিশ্চিত করে যে, সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী সরকারি নির্ধারিত গবেষণাগারে বিশেষজ্ঞ টিম দ্বারা ল্যাব টেস্ট ও গুণগত মান নিশ্চিত করার পরেই কেবল এই ওষুধ গ্রহণ করা হয়। কোনো অসাধু উপায়ে বা একক সিদ্ধান্তে মানহীন ওষুধ কেনার কোনো সুযোগ এখানে নেই।
সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অভিমত:
ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, মশক নিধন ওষুধ সরবরাহে যুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা হাতে গোনা কয়েকটি। টেন্ডারে কাজ না পেয়ে অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে রেষারেষি বা বদনাম ছড়ানো নতুন কিছু নয়। কর্মকর্তারা নিশ্চিত করেন যে, সমস্ত নিয়ম-কানুন ও নীতিমালা মেনেই সঠিক প্রক্রিয়ায় ওষুধ ক্রয় করা হয়েছে।
উল্লেখ্য, ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ত কাঁচামাল আমদানি করে উন্নত প্রযুক্তির সাহায্যে আন্তর্জাতিক মানের মশক নিধন ওষুধ প্রস্তুত করে আসছে।







