, ,

ঝালকাঠিতে ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

মো. শফিউল আলম রাশেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মো. রানা হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ঝালকাঠি সদর থানাধীন পৌরসভার বাসন্ডা ডিগ্রি কলেজের পেছনে প্রবাসী মিলনের বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের পরিদর্শক মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রানা হাওলাদারকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রানা হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দুলাল হাওলাদারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে অধিদপ্তর।