মোঃ সেলিম উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ জামালপুর সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে সিংহজানী এলএসডি (গ্রেড-১) সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে এই অভিযানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ১৪১ জামালপুর-৫ (সদর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংহজানী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসরাত আহামেদ। উপ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং কৃষক প্রতিনিধিরা। বর্তমান সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কৃষকরা যাতে তাদের অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতে হবে। সরকারি খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, বিলম্বনা কিংবা দালালের দৌরাত্ম্য সহ্য করা হবে না।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে খাদ্য বিভাগের কর্মকর্তাদের মানসম্মত ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত কৃষকরা যাতে সরাসরি গুদামে পণ্য সরবরাহ করতে পারেন, সেদিকে কড়া নজর রাখার আহ্বান জানান। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জামালপুর সদর উপজেলায় ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: বোরো ধান: ৩,৫৫০.০০০ মেট্রিক টন।বোরো আতপ চাল: ৮৮.০০০ মেট্রিক টন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, স্থানীয় চাষী ও মিলারদের সহযোগিতায় কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে এই লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করা সম্ভব হবে।







