, ,

জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ১৬ আবেদনের ফটোকপি জব্দ

নিউজটি শেয়ার করুন

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ এনফোর্সমেন্ট টিম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
দুদকের উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলামের নেতৃত্বে ৭ থেকে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে প্রাথমিক অনুসন্ধানে কোনো দালাল চক্রের সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব না হলেও পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়ম ও অসংগতি পরিলক্ষিত হয়। বিশেষ করে জমা দেওয়া কয়েকটি আবেদন ফরমে বিশেষ ধরনের ‘টিক চিহ্ন’ ব্যবহারের বিষয়টি দুদকের কর্মকর্তাদের নজরে আসে।
এর পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন ১৬টি আবেদন ফরমের ফটোকপি জব্দ করে নিয়ে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম।
অভিযান শেষে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রিয়াদ রায়হান আবিরকে জব্দ করা আবেদনগুলোর বিষয়ে গভীরভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এদিকে অভিযান শেষে পাসপোর্ট অফিসের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দুদক জানিয়েছে, সাধারণ সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং পাসপোর্ট অফিসের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।