ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রুমার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখল ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চেয়ারম্যানের দ্রুত অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ ৫ অক্টোবর রোজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন এর সামনে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
ধামরাই উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং ধামরাই থানা ও পৌর মহিলা দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক রুমান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খান, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহাম্মেদ এবং পৌর ছাত্রদলের সাবেক ১ নম্বর সহ-সভাপতি ছাব্বির খান। এছাড়া স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল হোসেন, মোঃ সোরাব হোসেন ও মোঃ তাহের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রুমার দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, এলাকায় কোনো সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান হবে না। অবিলম্বে এই বিতর্কিত চেয়ারম্যানকে পদচ্যুত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।







