, ,

গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ চারজন গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় মায়ের কাছ থেকে নিয়ে বিক্রি করে দেওয়া ১৩ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ দল। এ ঘটনায় শিশুটির বাবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাইবান্ধা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় গত রবিবার (২০ সেপ্টেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা হয় ১৩ মাস বয়সী শিশু মোছা. ফাতেমা আক্তার জান্নাতকে।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই শিশুটির বাবা হামিদুল ইসলাম বিস্কিট খাওয়ানোর কথা বলে শিশুটিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে অন্য আসামিদের সহযোগিতায় ফুলছড়ি উপজেলার এক নারীর কাছে ৩১ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় শিশুটির মা আদালতের আশ্রয় নিলে গত ২৭ আগস্ট আদালত শিশুটির বাবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে ডিবি ও সদর থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পিপিএম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আব্দুল মোত্তালিব সরকার।

গাইবান্ধা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনাটির তদন্ত অব্যাহত আছে।