তুমি না থাকলে কেউ থাকে না
— অমিতাভ চৌধুরী
তুমি না থাকলে কেউ থাকে না,
কিচ্ছু থাকে না,
চারিদিকে ফাঁকা লাগে,
বড্ড একা একা লাগে।
শুকনো পাতার মতো যে সুখগুলো
কুড়িয়ে রেখেছিলাম যতনে,
দমকা হাওয়ার একটুখানি ছোঁয়ায়
মিলিয়ে যায় শূন্য বাতাসে।
আমার নানান রকম অসুখের ভিড়ে
তুমি আছো বলে সুখ পাই,
এই অনেক কিছু নেই-এর মাঝেও
সবকিছু আছে মনে হয়।
অভাবগুলো মাথা তুলে দাঁড়ালেও
মনটা আমার ভাঙতে চায় না,
তোমার একটু ভালোবাসা পেলে
পৃথিবীটাকে আর খারাপ লাগে না।
তুমি আমার কাছে দেবী,
হৃদয়মাঝে করি তোমার পূজা,
দুর্গা, লক্ষ্মী, সরস্বতী—
সব রূপেই তুমি অনুপমা।



