, ,

কন্যা শিশুর সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ইউএনও

নিউজটি শেয়ার করুন

শফিক ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে আজ ১২ অক্টোবর/২৫ ইং সোমবার সকাল ১১টায় র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশ-প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এসব অপরাধ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সমাজের সবার দায়িত্ব। কন্যাশিশুর প্রতি বৈষম্য ও অবহেলা দূর করে তাদের শিক্ষা, অধিকার ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ান হক এমপি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম শাহ্ নেতা, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াদুদ এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন শাহী ও রুবিনা পারভিন রুবিসহ অন্যান্য অতিথি।
এ সময় পার্বতীপুর মডেল থানার ওসি মো. ওয়াদুদ বলেন, কন্যাসন্তান জন্ম নিলে অনেকের মন খারাপ হয়। অথচ কন্যারাও দেশের সম্পদ। তাদের অবহেলা না করে যথাযথ মর্যাদা ও সুযোগ দিতে হবে।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।