, ,

আশুলিয়ায় পছন্দের প্রার্থীকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে জখমের অভিযোগ

নিউজটি শেয়ার করুন

মোঃ আমির হোসেন
স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে পছন্দের প্রার্থীকে সমর্থন করায় শাজাহান নামের এক পোশাকশ্রমিককে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর স্বজনেরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল মধ্যপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনকে সমর্থন ও তাঁর হয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন পোশাকশ্রমিক শাজাহান।

এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজন হিসেবে পরিচিত শরীফ, আরিফ, হিরণ ও তাঁদের মামা কুরবান আলী রোববার রাতে ভাদাইল মধ্যপাড়া এলাকায় শাজাহানের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার।