, ,

অপ্রতীম হত্যার বিচার দাবি সচেতন রাজনৈতিক ফোরামের: কুমিল্লায় কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপের আহ্বান

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতীমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘সচেতন রাজনৈতিক ফোরাম’।

এক যৌথ বিবৃতিতে ফোরামের প্রধান সমন্বয়ক ড. শাহ মো. সেলিম ও সমন্বয়ক শেখ আবদুল মান্নান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, একটি ১৩ বছরের কিশোরকে এমন নির্মমভাবে হত্যা প্রমাণ করে যে কুমিল্লায় অপরাধ প্রবণতা ও কিশোর অপরাধ মারাত্মক রূপ ধারণ করেছে।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, কিছুদিন আগেই একজন কাস্টমস কর্মকর্তাকে একইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। একের পর এক এসব ঘটনা চরম সামাজিক অবক্ষয়েরই বহিঃপ্রকাশ।

সামাজিক এই অবক্ষয় ও অপরাধ দমনে তারা কয়েকটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান: কিশোর গ্যাং প্রতিরোধ: সমাজে যাতে কোনো ধরনের কিশোর গ্যাং বা অপরাধী চক্র গড়ে উঠতে না পারে, সে ব্যাপারে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সচেতনতা বৃদ্ধি : অপরাধ প্রবণতা রোধে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।
প্রশাসনের কঠোর ভূমিকা: কিশোর অপরাধী ও চিহ্নিত অপরাধীদের দমনে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংগঠনটির নেতৃবৃন্দ আকুল আকুতি জানিয়ে বলেন, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়—তা নিশ্চিত করতেই প্রশাসন ও সমাজকে একযোগে কাজ করতে হবে।