জামালপুরে নব ঘোষিত সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত ও ত্যাগী ছাত্রদল নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি পশ্চিম বাজার লক্ষীরচর ফেরিঘাট হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে পূর্ব বাজার আলমগীর চর (চর গোবিন্দ বাড়ি) নৌঘাটে গিয়ে শেষ হয়।
মশাল মিছিল শেষে আয়োজিত সমাবেশে পদবঞ্চিত ছাত্রনেতারা জামালপুর–ঢাকা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী আবু খালেদ খান (রিপন), সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ আলী, ছাত্রদল নেতা মোঃ আশিক রেজা চৌধুরী (সিজান), সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সাবেক সদস্য সাঈদ, ছাত্রনেতা মাহবুব, মোস্তাক, পিয়াল, আপন, মেরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত কমিটি ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যুক্ত ছাত্রনেতাদের উপেক্ষা করে ‘পকেট কমিটি’ হিসেবে গঠন করা হয়েছে। তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতাদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য ও সাংগঠনিকভাবে শক্তিশালী নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
এ সময় পদবঞ্চিত ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






