শেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন আওয়ামী যুবলীগের এক নেতা। নালিতাবাড়ী পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলামকে এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রকিবুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়া চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।
যুবলীগ ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে রকিবুল ইসলাম বলেন, “যুবলীগে আমাকে কার্যক্রমের সুযোগ দেওয়া হয়নি। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদেও আমাকে বঞ্চিত করা হয়। সংগঠনের কর্মকাণ্ড থেকে আমাকে দূরে রাখা হয়েছিল। বর্তমানে যুবলীগের কোনো কার্যক্রম না থাকায় আমি এনসিপিতে যোগ দিয়েছি।”
এ বিষয়ে শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, “রকিবুল ইসলাম যে যুবলীগের পদে রয়েছেন, তা আমরা জানতাম না। তিনি এনসিপির কাজে সক্রিয় ছিলেন বলে তাঁকে পদ দেওয়া হয়েছে। এখন বিষয়টি জানার পর তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”






