রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ অনিশ্চয়তা, প্রকল্পের বিলম্ব এবং জনগণের অর্থের অপচয়ের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও জ্বালানি খাতের সংগঠকরা। তারা বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিপুল অর্থ বিনিয়োগ করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ দেশের জ্বালানি পরিকল্পনার দুর্বলতা ও অদূরদর্শিতার প্রতিফলন। এ পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রটির ভবিষ্যৎ পুনর্মূল্যায়ন করে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সম্ভাবনা বিবেচনা করা জরুরি।
এই প্রেক্ষাপটে রূপসা বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সংকটের সমাধান হিসেবে অন্য বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সরবরাহ কমানো, ডিজেল ব্যবহার কিংবা নতুন জীবাশ্ম জ্বালানি অবকাঠামোর ওপর নির্ভরতার পরিবর্তে প্রকল্পটি পুনর্মূল্যায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার দাবিতে আজ ২৪ নভেম্বর খুলনায় ধ্রুব এর উদ্যোগে ক্লিন ও বিডাব্লু জি ই ডি এর সহযোগিতায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, ইউএনডিপি র রাজিয়া সুলতানা মিলি, রেশমা খাতুন মিতু সাংবাদিক উত্তম দাস সহ আরো অনেকে
সমাবেশে বক্তারা বলেন, রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কমিশনিংয়ের জন্য ১০৭ দিনের অস্থায়ী গ্যাস সরবরাহের আশ্বাস দেওয়া হলেও বাণিজ্যিক উৎপাদনের জন্য দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ এখনো নিশ্চিত নয়। গ্যাসের সংকট মোকাবিলায় অন্য বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সরবরাহ কমানো কিংবা ডিজেল ব্যবহার করার পরিকল্পনা দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় আরও বাড়াবে এবং জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।







