, ,

দশম লিডারশিপ সামিটে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব পুনর্গঠন ও কার্যকর পদক্ষেপের আহ্বান

নিউজটি শেয়ার করুন

 

‘বাংলাদেশ এক সন্ধিক্ষণে: নতুন করে ভাবুন, পুনর্গঠন করুন, বাস্তবায়ন করুন’—প্রতিপাদ্যে শীর্ষ ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সম্মিলন

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬:

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের নেতৃত্বকে নতুনভাবে ভাবা, প্রতিষ্ঠান পুনর্গঠন এবং কার্যকর ফলাফল অর্জনের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দশম ‘লিডারশিপ সামিট-২০২৬’।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকার গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এ সামিটে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নির্বাহী, শিক্ষাবিদ ও করপোরেট ব্যক্তিত্বরা অংশ নেন।

এবারের সামিটের প্রতিপাদ্য ছিল—‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন, রিডিজাইন, ডেলিভার’। অর্থাৎ, ‘বাংলাদেশ এক সন্ধিক্ষণে: নতুন করে ভাবুন, পুনর্গঠন করুন এবং বাস্তবায়ন করুন’। ইউনাইটেড গ্রুপের টাইটেল পার্টনারশিপে আয়োজিত এ সম্মেলনটি পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। পাশাপাশি নেস্টলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ছিল ইন অ্যাসোসিয়েশন পার্টনার।

 

সামিটের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, গত ১০ বছর ধরে এই সামিট বাংলাদেশের ব্যবসা ও নেতৃত্বের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একত্র করেছে। তবে বর্তমান সময়ে এ ধরনের আলোচনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুরোনো চিন্তাভাবনা দিয়ে সামনে এগোনো সম্ভব নয়। এজন্য নেতাদের নতুন করে ভাবার সাহস, প্রতিষ্ঠান পুনর্গঠনের শৃঙ্খলা এবং কার্যকর ফলাফল নিশ্চিত করার অঙ্গীকার থাকতে হবে।

বিশ্ব অর্থনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

দিনব্যাপী আয়োজনে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন, একটি ফায়ারসাইড আলোচনা, একটি কেস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা এবং একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস পাররে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং পরবর্তী প্রবৃদ্ধির ধাপ নির্ধারণে প্রয়োজনীয় কৌশলগত সিদ্ধান্তের ওপর আলোকপাত করেন।

জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর এবং কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের সাবেক ডিন অধ্যাপক দীপক সি. জেইন দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নেতৃত্বের ধরন ও প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ট্রু করপোরেশনের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের সাবেক প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেকে অনিশ্চিত ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে বক্তব্য দেন।

এল ক্যাটারটন ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান এবং হিন্দুস্তান ইউনিলিভারের সাবেক চেয়ারম্যান সঞ্জীব মেহতা বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠানের রূপান্তর, ব্যবস্থাপনা ও নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব ও নেতৃত্বের মূল্যবোধ নিয়ে বিশেষ আলোচনা

সামিটের অন্যতম আকর্ষণ ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফেরহাত আনোয়ারের অংশগ্রহণে বিশেষ ফায়ারসাইড আলোচনা।

এ আলোচনায় তাঁরা দীর্ঘস্থায়ী ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা, নেতৃত্বের মৌলিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশি নেতাদের মধ্যে যে গুণাবলি থাকা প্রয়োজন, তা নিয়ে মতবিনিময় করেন।

প্যানেল আলোচনায় বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধির প্রতিবন্ধকতা অতিক্রম, সংকট থেকে উত্তরণে কঠিন সিদ্ধান্ত গ্রহণ, দক্ষ ও গতিশীল কর্মী দল তৈরি এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে দায়িত্বশীলতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া একটি বিশেষ কেস স্টাডির মাধ্যমে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরা হয়। ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণকারীদের আগামী ৯০ দিনের মধ্যে আলোচনার বিষয়গুলো বাস্তব কর্মপরিকল্পনায় রূপান্তরের চ্যালেঞ্জ দেওয়া হয়।

অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা

দিনব্যাপী এ আয়োজনে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশিদ, রেনাটা পিএলসির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস. কায়সার কবির, আইএফএডি গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান কামরান বকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক রূপালী চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

দশ বছরের অভিজ্ঞতায় ভবিষ্যৎ নেতৃত্বের নতুন বার্তা

আয়োজকদের মতে, দশমবারের মতো অনুষ্ঠিত এই সামিটের মূল বার্তা হলো—বাংলাদেশের আগামী দিনের অগ্রগতি নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যারা শুধু ভবিষ্যৎ পরিকল্পনা বা স্বপ্ন দেখাতেই সীমাবদ্ধ থাকবেন না; বরং স্পষ্ট লক্ষ্য, সাহসী সিদ্ধান্ত, জবাবদিহি এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল নিশ্চিত করবেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এ সামিটে টাইটেল পার্টনার ছিল ইউনাইটেড গ্রুপ। পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল এআইইউবি ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ইন অ্যাসোসিয়েশন পার্টনার নেস্টলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এ ছাড়া সাপোর্টেড বাই পার্টনার হিসেবে ছিল বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ও রয়্যাল এনফিল্ড। স্ট্র্যাটেজিক পার্টনার গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স, অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস, নলেজ পার্টনার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি)।

হসপিটালিটি পার্টনার লা মেরিডিয়ান ঢাকা, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর, ইনোভেশন পার্টনার বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এবং একাডেমিক পার্টনার হিসেবে ছিল লিডারশিপ একাডেমি।