, ,

গাজীপুরে বাসা থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎রোববার (১৫ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‎পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো. আশিক সাঈদের নির্দেশনায় শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গাছা থানার একটি পুলিশ দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন কলমেশ্বর আক্কাস বাজার এলাকার ফরমান আলীর বাড়ির চতুর্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আলী হোসেন ওরফে রজব (৪৪) এবং তার স্ত্রী মোছা. সাবিনা বেগম (৩৮)। তারা দুজনই কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খাজিরা এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর আক্কাস বাজার এলাকায় ফরমান আলীর বাড়ির চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
‎‎পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার দুজন স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংরক্ষণ ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের উৎস, সরবরাহকারী এবং মাদক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‎
‎গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীকে মাদক ও অপরাধমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।