, ,

লক্ষ্মীপুর-২ আসনের এমপি আবুল খায়ের ভূঁইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

নিউজটি শেয়ার করুন

এমপির দাবি, দুজনকে থানায় সোপর্দ; ওসিদের বক্তব্যে মিলল না তথ্য

বিশাল অঙ্কের ঋণ গ্রহণ এবং নজিরবিহীন আর্থিক শর্তে চুক্তির অভিযোগ ঘিরে প্রশাসনিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেদকের হাতে আসা কিছু নথিতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়ার স্বাক্ষরিত একটি সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখার পাঁচটি স্বাক্ষরিত ফাঁকা চেকের তথ্য পাওয়া গেছে।

নথি অনুযায়ী, গত ১৭ মে মেসার্স নীলা এন্টারপ্রাইজের নামে একটি চুক্তিপত্র সম্পাদিত হয়। এতে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ৬০ কোটি টাকা ঋণ গ্রহণের আগ্রহের কথা উল্লেখ রয়েছে। একই সঙ্গে ১৮ মাসের মধ্যে ৩০ শতাংশ সার্ভিস চার্জসহ সুদে-আসলে মোট ১৫৬ কোটি টাকা পরিশোধের অঙ্গীকারের কথাও উল্লেখ করা হয়েছে।

সম্মতিপত্রে বলা হয়েছে, ঋণ চুক্তির মেয়াদের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুবিধা অনুযায়ী নগদ অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ পরিশোধ করা হবে।
একজন সংসদ সদস্যের নামে এত বড় অঙ্কের ঋণ গ্রহণের সম্মতিপত্র, স্বাক্ষরিত ফাঁকা চেক এবং বিপুল অঙ্কের অর্থ পরিশোধের অঙ্গীকার ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এসব নথির সত্যতা, চুক্তির প্রকৃত উদ্দেশ্য এবং আর্থিক লেনদেনের পেছনের বিষয়গুলো যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক স্বদেশ বিচিত্রাকে বলেন,“ভুয়া অভিযোগের কপি নিয়ে দুজন লোক আমার কাছে এসেছিল। তাদের আমি থানায় সোপর্দ করেছি।”
তবে সংসদ সদস্যের দেওয়া তথ্য যাচাই করতে তাঁর উল্লেখ করা স্থানীয় দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা দুজন ব্যক্তিকে থানায় সোপর্দ করার বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
ফলে সংসদ সদস্যের দাবি ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বক্তব্যের মধ্যে অসংগতি দেখা দিয়েছে। কারা ওই দুই ব্যক্তি, তাঁদের আদৌ থানায় নেওয়া হয়েছিল কি না এবং ৬০ কোটি টাকার সম্মতিপত্রের প্রকৃত সত্যতা কী—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।