আজ ১০ই নভেম্বর শহীদ নূর হোসেন’র ৩৯ তম হত্যা দিবসে ৯০ এর ছাত্র গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দের উদ্যোগে শহীদ নূর হোসেন স্কয়ারে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ ও এক মিনিট নিরাবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বদলীয় ছাত্রঐক্যের নেতা মনসুরুল হাই সোহন, বজলুর রশিদ ফিরোজ, রাজু আহমেদ,সালেহ আহমেদ, রুহিন হোসেন প্রিন্স, করিম সিকদার, লতিফুল বারী হামীম, সাদাকাত হোসেন খান বাবুল, সৈয়দ হারুন অর রশিদ ও মিনহাজ উদ্দিন সেলিম।
আরো উপস্থিত ছিলেন আবুল হোসেন, রাজেকুজ্জামান রতন, সাজ্জাদ জহির চন্দন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তৎকালীন বাংলাদেশ ছাত্র কেন্দ্রের সভাপতি রাজু আহমেদ।
রাজু আহমেদ বলেন, “ঐতিহাসিক ১০ই নভেম্বর আজ। শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে এরশাদ বিরোধী গণ আন্দোলনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নূর হোসেন। বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক,স্বৈরাচার নিপাত যাক, লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাকে টার্গেট গুলি করে হত্যা করে। এরপর থেকে দিনটি গণতন্ত্র মুক্তি পাক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তাই গণতন্ত্রের লড়াইয়ে শহীদ নূর হোসেন’র আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। “







