, ,

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমনি

নিউজটি শেয়ার করুন

 

চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা।

 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা বিষয়টি ‘স্বদেশ বিচিত্রা’কে নিশ্চিত করেছেন।

 

আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটে যাওয়া ঘটনার ১৭ দিন আগে তার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আয়োজক কমিটি গণমাধ্যমকর্মীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

 

এর আগে গত শুক্রবার রাতে পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

 

পরীমনির শেয়ার করা পোস্টারটি সামনে আসার পর জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে লেখেন, সংশ্লিষ্ট সাংবাদিক ও তার পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করা হলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত।

 

এরপর বিষয়টি চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমকর্মীর প্রতিবাদ ও দাবির মুখে শেষ পর্যন্ত পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।

 

এদিকে, পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করেছেন আয়োজকরা।

 

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।