নিজস্ব উদ্যোগে ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’, আগামী মাসে শুরু হচ্ছে প্রশিক্ষণ
হৃদয় খান: মডেলিং ও অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত তাশদিক নমিরা আহমেদ। এবার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে চালু করতে যাচ্ছেন ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নৃত্যপ্রেমীদের জন্য এখানে থাকছে পেশাদার প্রশিক্ষণের সুযোগ।
২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন নমিরা। হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে গ্র্যান্ড ফিনালেতে দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এরপর মডেলিং ও অভিনয়ে নিয়মিত কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি লাভ করেন।
নাচের প্রতি গভীর ভালোবাসা থেকেই বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন নমিরা। পরবর্তী সময়ে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাফায় নৃত্যশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেই অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়েই এবার গড়ে তুলছেন নিজের নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান।
নমিরার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’র প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী মাস থেকে। সপ্তাহের শুক্র ও শনিবার চলবে ক্লাস। ইতোমধ্যে শুরু হয়েছে ভর্তির নিবন্ধন প্রক্রিয়া। এখানে ক্লাসিক্যাল নৃত্যের পাশাপাশি মডার্ন, ফোক ও ফিউশনসহ বিভিন্ন ধারার নাচ শেখার সুযোগ থাকবে।
নিজের এই উদ্যোগ প্রসঙ্গে তাশদিক নমিরা আহমেদ বলেন, “নিজের একটি ইনস্টিটিউশন গড়ে তোলার স্বপ্ন আমার অনেক দিনের। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এই একাডেমি শুধু ক্লাসিক্যাল নৃত্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে মডার্ন, ফোক, ফিউশনসহ বিভিন্ন ধারার নাচ শেখানোর ব্যবস্থা থাকবে।”
নমিরার মতে, নাচের প্রতি আগ্রহ থাকলেও অনেকের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ নেই। একসময় ছুটির দিনে শিশু-কিশোরদের নাচ, গান কিংবা ছবি আঁকার ক্লাসে অংশ নেওয়ার প্রবণতা ছিল। সময়ের সঙ্গে সেই চর্চা অনেকটাই কমে এসেছে। বিষয়টি বিবেচনায় নিয়েই নৃত্যশিক্ষার প্রসারে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন তিনি।
একাডেমিতে নাচ শেখানোর পাশাপাশি নৃত্য বিষয়ে নিয়মিত পড়াশোনার সুযোগও থাকবে। কোর্স শেষে পরীক্ষা নেওয়া হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের দেওয়া হবে সনদপত্র। বয়সের সীমাবদ্ধতা ছাড়াই আগ্রহীরা এখানে নৃত্যশিক্ষা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন সময়ে একাডেমির উদ্যোগে আয়োজন করা হবে নানা অনুষ্ঠান।
নমিরার প্রত্যাশা, ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’ শুধু নৃত্যশিক্ষার একটি প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর বিশ্বাস, পরিকল্পিত প্রশিক্ষণ ও নিয়মিত চর্চার মাধ্যমে নৃত্যের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে।







