নীলফামারীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে স্মরণসভা ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাহেদুল ইসলাম দোলন, জেলা বিএনপির সাবেক সদস্য মুক্তার হোসেন ও আনিছুর রহমান কোকা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা জেলা বিএনপির সাবেক সদস্য প্রয়াত এস কে মালেক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের রাজনৈতিক অবদান ও দলীয় কর্মকাণ্ডে তাঁদের ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দলের দুঃসময়ে এসব নেতাকর্মীর ত্যাগ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও অবদান আগামী দিনের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব শিহাবুজ্জামান শিহাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্মরণসভা শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






