, ,

বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া

নিউজটি শেয়ার করুন

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়ে জাতীয় সম্মাননা পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. মো. আব্দুল বাছেত মিয়া। শিক্ষকতা, গবেষণা ও কৃষিশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।
এ বছর দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোট ১০১ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হয়। এর আগে প্রতিবছর ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হতো। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়ার এ অর্জনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁকে অভিনন্দন জানিয়ে গাকৃবির উপাচার্য বলেন, “এ সম্মাননা তাঁর দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও কৃষিশিক্ষায় অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। তাঁর এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েরও গৌরব ও অর্জনকে আরও সমৃদ্ধ করেছে। তাঁর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের অনুপ্রাণিত করবে।”
জাতীয় সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া বলেন, “একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীদের সফলতা এবং তাঁদের মাধ্যমে দেশ ও সমাজে অবদান রাখার সুযোগই সবচেয়ে বড় প্রাপ্তি। রাষ্ট্রের কাছ থেকে পাওয়া এ সম্মাননা আমার শিক্ষকতা ও গবেষণাজীবনের জন্য অত্যন্ত আনন্দ ও অনুপ্রেরণার। এ সম্মাননা আমার সহকর্মী, শিক্ষার্থী ও দীর্ঘ পথচলার সহযাত্রী সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ভবিষ্যতেও কৃষিশিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখার চেষ্টা থাকবে।”
সম্প্রতি ফসল উদ্ভিদবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া। এর আগে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন।
ফসল উদ্ভিদবিজ্ঞানে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি গ্রন্থ রচনাতেও তাঁর অবদান রয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে A Text Book of Embryology and Reproductive Structure of Crop Plants, Morphology and Taxonomy of Crop Plants এবং Nutritions of Crop Plants।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রীয় এ সম্মাননা অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়ার দীর্ঘ একাডেমিক ও গবেষণা জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি।