, ,

কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদা রক্ষার আহ্বান

নিউজটি শেয়ার করুন

শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও সামাজিক মর্যাদা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে যশোরের কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে আয়োজিত র‍্যালিটি কেশবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০ যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুরের সাবেক পৌর মেয়র মো. আব্দুস সামাদ বিশ্বাস, বিএনপি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা সমুন্নত রাখা প্রয়োজন। শিক্ষকদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে বক্তারা উল্লেখ করেন।