, ,

মরহুম হাজী মো. সামছুদ্দিন প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী

নিউজটি শেয়ার করুন

বন্দরে ফ্রি মেডিকেল ক্যাম্প, মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী প্রধান পরিবারের উত্তরসূরি মরহুম হাজী মো. সামছুদ্দিন প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা সামাজিক ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি পরিধান, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শুক্রবার আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর সাধারণ সম্পাদক এবং প্রধান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান (মিজান প্রধান)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ধর্ম মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা শেষে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি এবং বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।

এ ছাড়া হারেজ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পরে মরহুম হাজী মো. সামছুদ্দিন প্রধানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বক্তারা মরহুম হাজী মো. সামছুদ্দিন প্রধানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর স্মৃতিকে স্মরণ করার উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা ও অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডা. আহসান উল্লাহ আল বাকী, সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুল মালেক, বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, এমবে ফার্মাসিউটিক্যালসের জিএম (ডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কেটিং) শেখ ফরিদুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, বিজেইউসির স্থায়ী পরিষদের সদস্য মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু, মাওলানা নূরুল হক রহমান, ডা. খাদিজা আকতার বৃষ্টি, ডা. ফারজানা হোসেন, ডা. আরাফাত উদ্দিন ও ডা. ইরফান হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মরহুম হাজী মো. সামছুদ্দিন প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা। পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।