সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন-সাসাফ প্রদত্ত ‘সাসাফ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন চিত্রনায়িকা প্রিয় মনি। প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা ক্যাটাগরিতে তিনি এই সম্মাননা লাভ করেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তার হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপালের সাবেক সংস্কৃতি, পর্যটন ও বিমানমন্ত্রী আনন্দ প্রসাদ গোখারেল, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাবের সভাপতি কাদের মনসুর, সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন-সাসাফের সভাপতি লায়ন আনোয়ারা বেগম নিপাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বরাবরের মতোই আকর্ষণীয় লুকে উপস্থিত হন প্রিয় মনি। তার পোশাক, হেয়ারস্টাইল, সাজসজ্জা ও আত্মবিশ্বাসী উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। অভিনয়ের পাশাপাশি নিজস্ব স্টাইল ও সৌন্দর্যবোধের মাধ্যমেও অনুষ্ঠানে আলাদা করে আলোচনায় আসেন এই চিত্রনায়িকা।
সম্প্রতি দেশের সুপরিচিত ‘ট্রাব বিজনেস, সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছিলেন প্রিয় মনি। এবার ‘সাসাফ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জনের মধ্য দিয়ে তার ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি স্বীকৃতি।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও বেশ কয়েকজন তারকা ও বিশিষ্টজনকে ‘সাসাফ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। প্রিয়মনি এই সম্মাননা তার অভিনয় ক্যারিয়ারে নতুন একটি অর্জন হিসেবে যুক্ত হলো।







