নিজস্ব প্রতিবেদক: মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের পঞ্চম তলা মিলনায়তনে গতকাল বিকেল ৪টায় সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গড়তে চাই’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক ডা. বাসুদেব পোদ্দার।
অনুষ্ঠানে সাহিত্যচর্চা ও মাদকমুক্ত সমাজ গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ কবি ও সাহিত্যিক ডা. বাসুদেব পোদ্দারকে ‘মাদকমুক্ত সমাজ গড়া’ সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শেষপর্বে শিশুদের সঙ্গে নিয়ে প্রধান অতিথি মাদক থেকে মুক্ত থাকার শপথ গ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাইকে মাদকমুক্ত জীবনযাপনের পাশাপাশি অন্যদেরও মাদক থেকে দূরে থাকার জন্য সচেতন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জহরুল আলম জাবেদ, প্রকাশক অমর হাওলাদার বাবুল, মো. সাখাওয়াত শুভ, অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া, এম এম ইব্রাহিম খলিল এবং বিশিষ্ট শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়; বরং এ জন্য সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।







