, ,

ইভটিজিং প্রতিরোধে লক্ষ্মীপুরে ন্যাশনস ডেভেলপমেন্ট অরগানাইজেশন-এনডিওর মানববন্ধন

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী ও কিশোরীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে মানববন্ধন করেছে ন্যাশনস ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এনডিও)।

মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান মো. জহির উদ্দিন বাবর, সদস্য মো. খায়রুল ইসলাম সোহাগ, মো. মোস্তফা কামাল, সুজন দাস, মো. ফাহিম মুনতাসীর নাঈমসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ইভটিজিংয়ের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নারী ও কিশোরীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।

সংগঠন সূত্রে জানা যায়, ২০১৩ সালে যাত্রা শুরু করা এনডিও ২০১৫ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন মানবিক কার্যক্রম রয়েছে।

২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও সংগঠনটি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও কমিউনিটি ডেভেলপমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে এনডিও।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘ইভটিজিং যেখানে, প্রতিবাদ সেখানে’—এই বার্তা সামনে রেখে ভবিষ্যতেও জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হবে।