দেশের সূর্যসন্তান, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭৩) চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে ভোগার পর সোমবার (২১ সেপ্টেম্বর) নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মন্দিশেরখামার এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একাত্তরের বিজয়ের অন্যতম এই কারিগরের প্রয়াণে গোটা নাগেশ্বরীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহযোদ্ধা ও স্থানীয় মানুষের অশ্রুভেজা ভালোবাসায় সিক্ত হয়েছেন এই বীর যোদ্ধা।
সমবার বেলা ১১টায় মরহুমের বাসভবন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করা হয়। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং হাজারো এলাকাবাসী উপস্থিত থেকে এই বীরকে চোখের জলে শেষ বিদায় জানান।
প্রজন্ম থেকে প্রজন্মে মকবুল হোসেনদের এই আত্মত্যাগ ও অবদান অমর হয়ে থাকবে। নাগেশ্বরীবাসী গভীর শ্রদ্ধায় স্মরণ করছে তাঁদের এই বীর সন্তানকে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।







