যুক্তরাজ্য সংবাদদাতা: সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
গত ১৩ সেপ্টেম্বর, রবিবার যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মাওলানা সাদিকুর রহমান বলেন, সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন যে বিলটি পাস করা হয়েছে, তা শরিয়াহর বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই আইনে ইসলামী শরিয়াহকে রীতিমতো অবজ্ঞা করা হয়েছে।
তিনি গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ধরনের স্পর্শকাতর বিল উত্থাপন করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ছিল দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া। জনগণের ধর্মীয় অনুভূতি ও শরিয়াহর স্বার্থে তিনি অবিলম্বে এই বিতর্কিত আইনটি প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, এ কে এম আব্দুল কাদির, আব্দুল করিম উবায়েদ, শেখ মস্তাক আহমদ, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা কামরুল হাছান খান, মাওলানা মাহবুবর রহমান তালুকদার, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কাজী আব্দুর রহমান, আব্দুল গফুর, মাওলানা শায়েখ কাজী লুৎফুর রহমান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা নুরুল আমীন মুন্না, মাওলানা মাসরুর আহমদ বুরহান, মাওলানা জাবির আহমদ, মুহাম্মদ উবায়দুল্লাহ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ দেশের সমসাময়িক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ করনীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।







