, ,

প্রবাসী পরিবারের ওপর হামলার অভিযোগ।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার তিতাস উপজেলার বাগায়রামপুর গ্রামের মোল্লাবাড়িতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে একই গ্রামের কয়েকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৫ জুন শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে প্রবাসী ওহাব মিয়ার পরিবারের সদস্যদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। এতে ওহাব মিয়ার স্ত্রী খোরশেদা বেগমের দুই ছেলে ও দুই মেয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
খোরশেদা বেগমের অভিযোগ, বসতঘরের সামনে চলাচলের জায়গা নিয়ে একই গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম (৩০), তার বাবা ইউনুস এবং শাহপরান ও আনিস—উভয়ের পিতা মোসলেম—এছাড়া লোকমান, শাহিদা বেগম, শাহিনা বেগম, রওশন বেগমসহ আরও কয়েকজনের সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত হয়।
একপর্যায়ে কথা-কাটাকাটির সময় মাজহারুল ইসলাম তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন খোরশেদা বেগম। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাদের পরিবারের ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।
হামলায় খোরশেদা বেগমের ছেলে মো. সোহাগ মিয়া (২০), সজীব (১৭) এবং মেয়ে কোহিনুর বেগম ও রুবি আক্তার আহত হন। পরিবারের দাবি, হামলায় সোহাগ মিয়ার পা ভেঙে যাওয়ার পাশাপাশি পায়ের রগ ছিঁড়ে যায়। এছাড়া সজীবের গলা চেপে ধরায় তার মুখ দিয়ে রক্ত বের হয় বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের দ্রুত তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খোরশেদা বেগম আরও অভিযোগ করেন, হামলার ঘটনার পরও অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। তার স্বামী প্রবাসী ওহাব মিয়া দেশে ফিরলে তাকে মারধর বা হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তার সন্তানদের ওপরও পুনরায় হামলার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় খোরশেদা বেগম বাদী হয়ে কুমিল্লার ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ১২৫/ মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাজহারুল ইসলামসহ অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।