নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংক পিএলসি-এর প্রস্তাবিত নতুন অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন না হওয়ায় ব্যাংকটির হাজার হাজার কর্মকর্তার পদোন্নতি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। নতুন অর্গানোগ্রাম অনুমোদনের আগে কোনো ধরনের পদোন্নতি কার্যক্রম শুরু না করার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশ।
সংগঠনটির দাবি, জনতা ব্যাংকের নতুন অর্গানোগ্রাম প্রায় নয় মাস ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অথচ একই সময়ে প্রস্তাব পাঠানোর পর রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদন করা হয়েছে। এসব ব্যাংক ইতোমধ্যে ৩১ ডিসেম্বর ২০২৪ ও ৩১ ডিসেম্বর ২০২৫ কাট-অফ ডেটের ভিত্তিতে দুই বছরের পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করেছে।
কর্মকর্তা ঐক্য পরিষদের অভিযোগ, জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদন না হওয়ায় পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকটির কর্মকর্তারা অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলনায় পিছিয়ে পড়ছেন। এর আগে ৩১ ডিসেম্বর ২০২৩ ভিত্তিক সুপারনিউমেরারি পদোন্নতি সমন্বয়ের কারণে ৩১ ডিসেম্বর ২০২৪ কাট-অফ ডেটের নিয়মিত পদোন্নতি থেকেও কয়েক হাজার কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।
এ অবস্থায় নতুন অর্গানোগ্রাম অনুমোদনের আগে জনতা ব্যাংকে নতুন করে পদোন্নতি কার্যক্রম শুরু হলে একই ধরনের বৈষম্য আবারও তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ বলেছে, প্রথমে প্রস্তাবিত নতুন অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন করতে হবে। এরপর ৩১ ডিসেম্বর ২০২৪ ও ৩১ ডিসেম্বর ২০২৫—এই দুই কাট-অফ ডেটের ভিত্তিতে যোগ্য সব গ্রেডের কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতির আওতায় আনতে হবে।
সংগঠনটির ভাষ্য, বিদ্যমান কাঠামোর ভিত্তিতে পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে অর্গানোগ্রাম অনুমোদনের পর সৃষ্ট নতুন পদ ও কাঠামোর সঙ্গে পদোন্নতি সমন্বয় করতে গিয়ে আবারও অনেক কর্মকর্তা বাদ পড়তে পারেন। এতে দীর্ঘদিনের বৈষম্য আরও বাড়বে এবং কর্মকর্তাদের মধ্যে হতাশা ও অসন্তোষ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
কর্মকর্তা ঐক্য পরিষদ জানিয়েছে, তারা কোনো নতুন বৈষম্য চায় না। তাদের দাবি—নতুন অর্গানোগ্রাম অনুমোদনের মাধ্যমে একটি সুসংগঠিত কাঠামো তৈরি করে যোগ্যতা, জ্যেষ্ঠতা ও ন্যায্যতার ভিত্তিতে সব গ্রেডের কর্মকর্তার পদোন্নতি নিশ্চিত করতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত জনতা ব্যাংকের প্রস্তাবিত নতুন অর্গানোগ্রাম অনুমোদনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অর্গানোগ্রাম অনুমোদনের আগে পদোন্নতি কার্যক্রম শুরু না করার জন্যও জোর দাবি জানানো হয়েছে।
কর্মকর্তাদের মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে পদোন্নতি ও সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে সমতা বজায় রাখা জরুরি। অন্যথায় একই শ্রেণির কর্মকর্তাদের মধ্যে সুযোগ-সুবিধার বৈষম্য বাড়তে পারে, যা প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও কর্মকর্তাদের মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।






