, ,

ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর ‘সাজানো চক্রান্ত’: ফুলছড়িতে সংবাদ সম্মেলনে বিএনপি

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো চক্রান্ত’ বলে দাবি করেছে ফুলছড়ি উপজেলা বিএনপি।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার।

লিখিত বক্তব্যে আব্দুস সালাম সরকার বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

তিনি বলেন, একটি চিহ্নিত কুচক্রী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে গত ১১ আগস্ট ইউএনও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। বিএনপিকে বিতর্কিত করতে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এ ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

আব্দুস সালাম সরকার আরও বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপি কিংবা দলটির কোনো সহযোগী সংগঠনের নেতা-কর্মীর কোনো সম্পর্ক নেই। ঘটনার পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সংগ্রহের সময় একজন সংবাদকর্মী আহত হওয়ার ঘটনায়ও নিন্দা জানান বিএনপির এই নেতা। ভবিষ্যতে কোনো সাংবাদিকের ওপর যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে তিনি আশ্বস্ত করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ সরকার, সদস্যসচিব ফারুক মিয়া, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জয়নাল আবেদীনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে গত ১১ আগস্ট ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সংবাদ সংগ্রহের সময় একজন সংবাদকর্মী আহত হন।