২ অক্টোবর প্রতিনিধি সম্মেলন ও সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ক জাতীয় মতবিনিময় সভার সিদ্ধান্ত
বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের নির্বাহী সভাপতি জনাব অনুপ কুমার দত্ত মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ অক্টোবর ২০২৬ বাংলাদেশ সনাতন পার্টির প্রতিনিধি সম্মেলন এবং “সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানকল্পে রাষ্ট্রের দায়িত্ব” শীর্ষক একটি জাতীয় মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত হয় যে, উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, লিফলেট ও পোস্টার বিতরণ, অনলাইন প্রচারণা, বিনামূল্যে চিকিৎসাসেবা, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ এবং ধর্মীয় কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
সভায় সংগঠনের সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি আশীষ কুমার দাশ শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
একই সঙ্গে আশীষ কুমার দাশ, চৈতন্য রামানন্দ পুরী মহারাজ এবং শ্রীমৎ স্বামী বিমলা নন্দ গিরি মহারাজ-কে সংগঠনের উপদেষ্টা হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয় যে, স্থায়ী কমিটির সদস্য ডা. বাসুদেব রায় চন্দন-কে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সকল নেতা-কর্মী ও সদস্যদের তাঁর সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
এছাড়া, সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নির্বাহী সভাপতি জনাব অনুপ কুমার দত্ত-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি দায়িত্ব গ্রহণ করায় সভার পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও মানবকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দলটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার, সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন, সম্পদ ও উপাসনালয়ের নিরাপত্তা, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি বৈষম্যহীন, নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে দলটি অঙ্গীকারবদ্ধ।
সভায় উপস্থিত ছিলেন—অনুপ কুমার দত্ত, অ্যাডভোকেট সুমন কুমার রায়, প্রণবানন্দ মহারাজ, প্রাণতোষ তালুকদার, সন্তোষ চন্দ্র দাস, ইন্দ্রজিৎ মণ্ডল, সুবীর কান্তি ধর, ডা. ক্ষিতীশ চন্দ্র রায়, শাওন বালা, বিপ্লব কুমার হালদার, কল্পনা তালুকদারসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।






