, ,

রামগড়ে প্রশাসনের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধ: খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের থলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, থলিপাড়া এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছে—এমন গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় অপরাধ স্বীকার করায় কনের বাবা মো. মহিন উদ্দিন মানিক (৩৮)-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সঙ্গে মেয়েটি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে আর বিয়ে দেবেন না—এ মর্মে পাত্রপক্ষ ও উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযান শেষে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের বাল্যবিবাহের আইনি, সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

মোঃ আরিফুল ইসলাম,
খাগড়াছড়ি
০১৫১৬১৯৫২৪৬
০৯/০৮/২০২৬