, ,

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য শোডাউন ও গণমিছিল

নিউজটি শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য শোডাউন ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর। বুধবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় নগরীর দেওয়ানহাট মোড়ে দলটির নেতাকর্মীরা সমবেত হন। প্রবল বর্ষণ উপেক্ষা করে দেওয়ানহাট থেকে শুরু হওয়া শোডাউন ও গণমিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাইগারপাস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো রাজপথ মুখরিত হয়ে ওঠে।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, জুলাইয়ের চেতনা, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ন্যায্য অধিকার কোনোভাবেই বিসর্জন দেওয়া যাবে না। দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জনগণ মেনে নেবে না। দেশের রাজনীতিতে জবাবদিহিতা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম। এতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির সমাপ্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ, জাতি ও উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।