নিজস্ব প্রতিবেদক: সাহিত্যচর্চাকে আরও গতিশীল করা এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা কবি-সাহিত্যিকদের সৃজনশীল অবদানকে স্বীকৃতি দিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষপূর্তি সাহিত্য উৎসব ২০২৬’। কবিতা সাহিত্য গ্রুপ বাংলাদেশ ও আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন জেলার কবিদের হাতে তুলে দেওয়া হয় ‘শ্রদ্ধেয় কবি আল মাহমুদ অ্যাওয়ার্ড’।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় ঢাকার সেগুনবাগিচার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিকর্মী ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন মো. আমজাদ হোসেন খান, যিনি জাতীয় সাংস্কৃতিক মঞ্চের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ আনোয়ার হোসাইন—কবি, গবেষক, সংগঠক, সংস্কারক ও রাষ্ট্রচিন্তক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিপি আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অশোক ধর, সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রা; কাজী ছাব্বীর আহমেদ, জেসমিন আক্তার, সাঈদ সুলতানা, সহকারী মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এবং ঝর্ণা আক্তার লুবনা, চেয়ারম্যান, বাংলাদেশ মানবিক সেবা সংস্থা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাহিত্য কেবল সৃজনশীলতার প্রকাশ নয়, এটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধের ধারক। নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করতে নিয়মিত এমন আয়োজনের বিকল্প নেই। তারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান কবি-সাহিত্যিকদের মূল্যায়ন ও সম্মাননা প্রদানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘শ্রদ্ধেয় কবি আল মাহমুদ অ্যাওয়ার্ড’ প্রদান। দেশের বিভিন্ন জেলার নির্বাচিত কবিদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, বাংলা ভাষা ও সাহিত্যে অবদান রাখা এবং সৃজনশীল সাহিত্যচর্চাকে উৎসাহিত করতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও দেশব্যাপী সাহিত্যচর্চা, কবি-লেখকদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন লেখকদের অনুপ্রাণিত করতে এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।
উৎসব শেষে কবিতা আবৃত্তি, সাহিত্য আড্ডা এবং অংশগ্রহণকারী কবি-সাহিত্যিকদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






