জামালপুরে পরিবেশ বিপর্যয় ও জলবদ্ধতা থেকে লক্ষাধিক পৌরবাসীকে রক্ষা করতে স্বশরীরে মাঠে নেমেছেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান।
প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী ‘গবাখালি খাল’ পরিষ্কারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে দশম দিনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে খালটির প্রায় এক-তৃতীয়াংশ পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করেছেন তিনি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ
জাতীয়তাবাদী দল (বিএনপি)-র অঙ্গ ও সহযোগী সংগঠন—সমন্বয়ে গঠিত বিশাল কর্মী বাহিনী নিয়ে সোহেল রানা খান সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও তদারকিতে খালের বর্জ্য অপসারণ ও পানি প্রবাহ স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই গবাখালি খালের কারণে জামালপুর পৌরসভা ও সদর উপজেলার প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার চরম জলবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয়ে ভুগছেন। স্থানীয়দের অভিযোগ, পৌরবাসীর এই দুর্ভোগের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সদর পৌরসভা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে।
কর্মসূচিস্থলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে যুব নেতা ও মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খান বলেন: “জামালপুরের কোনো মানুষ জলবদ্ধ হয়ে বা পানিবন্দি অবস্থায় দুর্ভোগ পোহাবে—তা হতে দেওয়া যায় না। আমি সবসময় পৌরবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। পৌরসভা দায়িত্ব না নিলেও জনগণের কল্যাণে এবং শহরবাসীকে দুর্ভোগমুক্ত করতে আমরা আমাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখব।” ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই যৌথ সামাজিক উদ্যোগকে জামালপুর পৌরবাসী অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, সোহেল রানা খানের এই জনবান্ধব ও কর্মীবান্ধব পদক্ষেপে পৌরবাসীর মনে এখন আশার আলো সঞ্চার হয়েছে।







