টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর চতুর্থ আসরে ১৯টি ক্যাটাগরিতে ৫৯টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৪টি উদ্যোগ বিজয়ী এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করে।
সম্প্রতি রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনটির আয়োজক ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ। অনুষ্ঠানে বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও ব্র্যান্ডের টেকসই উদ্যোগ এবং তাদের ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।
এবারের আয়োজনে ৪৭২টি মনোনয়ন জমা পড়ে। কঠোর ও বহু-স্তরের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ২৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, টেকসই উন্নয়ন এখন শুধু প্রতিশ্রুতির বিষয় নয়, বরং দায়িত্বশীল নেতৃত্বের অন্যতম মানদণ্ড। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস এমন উদ্যোগগুলোকে স্বীকৃতি দেয়, যারা বাস্তব ও পরিমাপযোগ্য পরিবর্তন এনে দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় সাসটেইনাবিলিটি সামিট ২০২৬-এর চতুর্থ আসর। দিনব্যাপী এ সম্মেলনে দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধি, নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নেন। সম্মেলনে টেকসইতা, ইএসজি, দায়িত্বশীল ব্যবসা, সবুজ অর্থনীতি, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিয়ে বিভিন্ন কী-নোট সেশন, প্যানেল আলোচনা ও নীতিনির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হয়।
আয়োজনটি আকিজ বশির গ্রুপের পরিবেশনায়, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সঞ্চালনায় এবং প্রাণ-আরএফএল গ্রুপ ও বিজিএমইএ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।






