নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিশেষ সাহিত্য সভার আয়োজন করতে যাচ্ছে “অমর সাহিত্য সভা”। আগামী ১৭ জুলাই ২০২৬, শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে এই আলোচনা ও শোকসভা।
“গ্রন্থ জ্ঞানের উৎস, আলোকিত মানুষ হতে বই পড়ুন” — এই মূলমন্ত্র নিয়ে ২০২৫ সালে প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠনটি এবার তাদের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করেছে: “বন্যা দুর্গতদের প্রাণহানির জন্য আমরা মর্মাহত ও শোকাহত, আমরা মানবতার কাজে বিশ্বাসী”।
আয়োজকরা জানান, শুধু সাহিত্য চর্চাই নয়, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলাও তাদের কাজের অংশ। বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সংহতি জানাতেই এই বিশেষ আয়োজন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক-প্রকাশক অশোক ধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হাসান আবদুল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ।
বিশেষ অতিথিদের তালিকায় রয়েছেন দেশের খ্যাতিমান আইনজীবী, শিক্ষক, কবি, সাংবাদিক ও সমাজসেবকরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: আইনজীবী নাসির হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাজনাহার মিলি, সুপ্রিমকোর্টের আইনজীবী ডা. সাফিউর রহমান, কবি ও কথাসাহিত্যিক মো: রফিকুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের, কবি-সাংবাদিক শিবু কান্তি দাশ, লেখক অবিনাশ চন্দ্র মন্ডল, সমাজসেবক দিলীপ শিকদার, শিল্পী ও লেখক নাসিরুজ্জামান নাসির এবং কলামিস্ট বাবুল তালুকদার।
আয়োজকদের প্রত্যাশা, এই সভার মাধ্যমে সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা বন্যাদুর্গতদের প্রতি তাদের দায়বদ্ধতা প্রকাশ করবেন। একইসঙ্গে দুর্যোগ মোকাবেলায় সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।






