“চট্টগ্রামবাসী, আজও ভুলিনি তোমাদের—আমরা ফেনীবাসী” এই মানবিক বার্তা নিয়ে বন্যাকবলিত চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (এইচআরআরএস) ফেনী জেলা শাখা। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের লক্ষ্যে একটি ত্রাণবাহী দল ফেনী থেকে রওনা দেয়।
ফেনী ও চট্টগ্রামের দীর্ঘদিনের ঐতিহাসিক, সামাজিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দুর্যোগকালে পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় করতে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
এই উদ্যোগে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা প্রদান করেন এইচআরআরএস ফেনী জেলা শাখার সম্মানিত উপদেষ্টা ডা. মেহেদী হাসান রাজু (এমবিবিএস, সিসিডি-বারডেম, ডায়াবেটিস হাসপাতাল, মিজান রোড, ফেনী)। মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন হানিফ টিম ফেনী জেলা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “যেকোনো সংকট কিংবা আনন্দের মুহূর্তে ফেনীর মানুষ সবসময় চট্টগ্রামবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই উপহার শুধু কিছু সামগ্রী নয়, বরং ফেনীবাসীর পক্ষ থেকে চট্টগ্রামবাসীর প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও গভীর সংহতির প্রতীক।”
তারা আরও জানান, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (এইচআরআরএস) দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা সহযোগী সম্পাদক মোঃ মাহবুবুল আলম বলেন, “নিজের জীবনকে মূল্যবান মনে করুন। আপনার পরিবারের দায়িত্ব আপনার ওপর রয়েছে। তাই সংবাদ সংগ্রহ কিংবা মানবিক কাজে অংশ নেওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। অন্যের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের নিরাপত্তাও নিশ্চিত করুন। এটি কোনো স্বার্থপরতা নয়; বরং নিজে নিরাপদ থেকে অন্যকেও সহায়তা করার দায়িত্বশীল মানসিকতা।” চট্টগ্রামে বাঁশখালীর জন্য এই মানবিক অবদানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন এইচআরআরএস-এর কেন্দ্রীয় সহকারী পরিচালক ও ফেনী জেলা এবং নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি নুরুল আফসার পলাশ, আবদুল আউয়াল, জাকির হোসেন, এইচআরআরএসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হানিফ টিম ফেনী জেলার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
উপস্থিত অতিথিদের শুভকামনা ও দোয়া নিয়ে ত্রাণবাহী দলটি চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশে রওনা দেয়।






