, ,

প্রধানমন্ত্রীর গৌরনদী সফর ঘিরে প্রস্তুতি জোরদার, অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

সরদার মনিরুজ্জামান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। সফরসূচির অংশ হিসেবে তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে শুক্রবার (১০ জুলাই) সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম এ জহির উদ্দিন স্বপন।
পরিদর্শনকালে তিনি বাটাজোর ইউনিয়নের নির্ধারিত অনুষ্ঠানস্থল এবং আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সফরকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তথ্যমন্ত্রী এম এ জহির উদ্দিন স্বপন সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রীর সফর সফল, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই সফর দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রস্তুতির ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না।”
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, “প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাটাজোর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বেশ কয়েকটি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ হবে। প্রশাসনের পক্ষ থেকে সফর সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গৌরনদীজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে সফরকে সফল ও নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে।