, ,

বগুড়ায় তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি শুরু।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় তিন ইউনিয়ন পরিষদের নামকরণ নিয়ে বিতর্কে পর জেলা প্রশাসনের আয়োজনে নাম পরিবর্তনে গণশুনানি চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি কমিটি গঠন করে মঙ্গলবার সকাল ১০টার দিকে এই গণশুনানি শুরু হয়।
শুনানিতে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধির পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নামের বিষয়ে সুপারিশ করা হবে বলে বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনসংক্রান্ত চিঠি পাওয়ার পর উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্য বিশিষ্ট তিনটি পৃথক কমিটি গঠন করেছেন।
শিবগঞ্জের ইউএনও জিয়াউর রহমান জানান, ‘মীরবাড়ী’ ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ‘সীমান্ত’ ইউনিয়নের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী ও ‘দিগন্ত’ ইউনিয়নের জন্য পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রধান করে আরও দুটি কমিটি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় তিন ইউনিয়নের নাম নিয়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে নতুন নামকরণে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সর্বজন স্বীকৃতিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। এ ছাড়া সাংবাদিকসহ সব ধরনের জনগনকে সম্পৃক্ত করে গণশুনানির মাধ্যমে মতামত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সীমান্ত ইউনিয়নের জন্য গঠিত কমিটির আহ্বায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে জগন্নাথপুর উচ্চবিদ্যালয় মাঠে গণশুনানি শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে।
জগন্নাথপুরে উচ্চবিদ্যালয় মাঠে গণশুনানিতে আসা নারী-পুরুষসহ তরুণেরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইউনিয়নের নাম পরিবর্তনে উদ্যোগ নেওয়ায় তারা খুশি। নিজেদের মতামত দিতে পারছেন। তাদের মতামতের ওপর এবার ইউনিয়নের নাম পরিবর্তন হবে বলে তারা আশা করছেন।