মোঃ নুর আলম সিদ্দিকী, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জেঠুসের মেয়ের মৃত্যুসংবাদ শুনে স্বজনদের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাশেম মিয়া (৫০) নামে এক ব্যক্তি। রোববার (১৭ মে) সকাল আনুমানিক ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার খরমপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম মিয়া আখাউড়া উপজেলার রুটি এলাকার বাসিন্দা। তিনি আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সিএনজিটি একটি পার্শ্ববর্তী সড়ক থেকে খরমপুর বাইপাস মোড়ে মূল সড়কে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অপরদিকে ট্রাকটি স্থানীয় লোকজন ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।
ধরখার ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






