শেখ ফরিদ উদ্দিন: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যুক্তরাজ্যের লন্ডনে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’ এর সাইডলাইনে আন্তর্জাতিক শিক্ষা ও প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দুটি পৃথক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশের শিক্ষার গুণগত মান উন্নয়ন, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল ক্লাসরুম গড়ে তুলতে দ্বিপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্বের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
গতকাল বুধবার লন্ডনের কুইন এলিজাবেথ-২ সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
প্রথম বৈঠকে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য দপ্তরের আন্তর্জাতিক শিক্ষা কৌশল বাস্তবায়ন শাখার প্রধান জোনাথন লেজারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় যুক্তরাজ্যভিত্তিক দক্ষতা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর যৌথ অংশীদারি সংস্থা ‘পিয়ারসন-ক্যামব্রিজ পার্টনারশিপ ফর এডুকেশন’ এর জ্যেষ্ঠ প্রতিনিধিরাও অংশ নেন।
বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বাংলাদেশের সরকারের বর্তমান অগ্রাধিকার হিসেবে গুণগত শিক্ষা নিশ্চিতকরণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। তারা বিশেষ করে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা বৃদ্ধি, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ জোরদার, বাজারভিত্তিক আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) ব্যবস্থার আমূল সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
যুক্তরাজ্যের প্রতিনিধিদল বিভিন্ন দেশের জাতীয় চাহিদার সঙ্গে মিল রেখে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং উভয়পক্ষই দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একসঙ্গে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এরপর শিক্ষামন্ত্রীর সাথে ক্যানভা কে-১২ এডুকেশনের গ্লোবাল লিড অ্যান্ডি শ’ এর নেতৃত্বাধীন বিশ্বখ্যাত ডিজাইন ও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ক্যানভা’ এর একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল বৈঠকে মিলিত হন।
ক্যানভা কর্মকর্তারা জানান, কীভাবে তাদের ভিজ্যুয়াল যোগাযোগ ও প্রযুক্তি সেবা বাংলাদেশের ডিজিটাল শিক্ষাকে শক্তিশালী করতে পারে, ক্লাসরুমকে আরও আকর্ষণীয় করতে পারে এবং শিক্ষক-শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে পারে।
বৈঠকের পরক্ষণেই শিক্ষামন্ত্রী চলমান বৈঠক থেকেই ক্যানভা কর্তৃপক্ষকে বাংলাদেশের দুটি বিদ্যালয়ের সঙ্গে সরাসরি যুক্ত করে দেন। এর ফলে উক্ত দুটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবে ক্যানভার প্রিমিয়াম শিক্ষা সেবা বিনামূল্যে ব্যবহার শুরু করতে পারবেন।
শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষামূলক এই উদ্যোগের পর পর্যায়ক্রমে দেশের সব শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এই বিনামূল্যের প্রিমিয়াম সেবা সম্প্রসারণ করা হবে। তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার শিক্ষাকে আরও সৃজনশীল, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎ-উপযোগী করে তোলার জন্য একটি বিশদ ও মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে।







