, ,

বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে সময়মতো ক্লাস পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ-করতে হবে -ড. আ ন ম এহছানুল হক মিলন

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী জনাব ড. আ ন ম এহছানুল হক মিলন তাঁর বক্তব্যে “বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে সময়মতো ক্লাস, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ-সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।”

অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি বিষয় উপস্থাপন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে, সেশনজট নিরসন, শিক্ষকদের জবাবদিহিতা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠদানের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালার প্রণয়ন অতীব জরুরী । উক্ত নীতিমালা বাস্তবায়নে কয়েকটি মৌলিক বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
প্রথমত, নিয়মিত ক্লাস গ্রহণ, সময়মতো পরীক্ষা অনুষ্ঠান এবং ফল প্রকাশ করার লক্ষ্যে একটি কার্যকর ও জবাবদিহিমূলক মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিষয়টি সম্মানিত শিক্ষকদের অনেকের কাছে হয়তো সহজভাবে গ্রহণযোগ্য হবে না। তবে শিক্ষার্থীদের স্বার্থ, শিক্ষার গুণগত মান এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার কথা বিবেচনা করলে এ ধরনের ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে সেশনজটের অন্যান্য কারণগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান গ্রহণ করতে হবে।

আমার বিবেচনায়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোরঅ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কিছু শিক্ষকের নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার দায়িত্বের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠদানের প্রতি অধিক মনোযোগ দেওয়ার প্রবণতা। ফলে নিজ প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস গ্রহণ, পরীক্ষা পরিচালনা এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব পূর্ণকালীন শিক্ষকদের মাধ্যমে অন্তত ৭০-৮০ শতাংশ পাঠদান কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা থাকতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন পাঠদান করেন, তাঁদের জন্যও নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠদান করতে পারবেন কিনা এবং সর্বোচ্চ কয়টি কোর্স পরিচালনার সুযোগ পাবেন? তবে তাঁকে অবশ্যই নিজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক দায়িত্ব পালন এবং কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের নিতে হবে।

শুধু নীতিমালা প্রণয়ন করলেই হবে না; এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ব্যবস্থাও থাকতে হবে।আমার মতে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে এককভাবে এ ধরনের ব্যবস্থা কার্যকর করা অত্যন্ত কঠিন। কারণ, এর সঙ্গে শিক্ষকদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় রাজনৈতিক প্রভাব এবং নানা ধরনের প্রাতিষ্ঠানিক চাপ জড়িত থাকতে পারে। সুতরাং বিষয়টিকে শুধু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসনিক উদ্যোগের ওপর ছেড়ে না দিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে যেমন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির মাধ্যমে একটি সমন্বিত শক্তিশালী, নিরপেক্ষ ও কার্যকর নীতিগত কাঠামো তৈরি করতে হবে।
আমাদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রশাসন ও শিক্ষকদের দায়বদ্ধতাও। শিক্ষার্থীদের সময় বিবেচনা, রাষ্ট্রের বিনিয়োগ এবং অভিভাবকদের প্রত্যাশার প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর দায়বদ্ধতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকারের উচ্চপর্যায়ের কার্যকর উদ্যোগ, ইউজিসির সুনির্দিষ্ট নীতিমালা এবং শক্তিশালী মনিটরিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান, সময়মতো পরীক্ষা গ্রহণ, সেশনজট নিরসন এবং সামগ্রিক শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন সম্ভব হবে। যা কেবল মাত্র বর্তমান গণতান্ত্রিক শক্তিশালী সরকারের পক্ষেই সম্ভব।