, ,

ফটিকছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও বিশেষ সভা অনুষ্ঠিত!

নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ি প্রতিনিধি, মো: আলাউদ্দীন হিরু: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং কোরবানির পশু ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ধারাবাহিক দুইটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তাঁর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।

দিনব্যাপী কর্মসূচির প্রথম অংশে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণকৃত লবণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে একটি ‘মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ প্রদান করেন ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মমিন।

কর্মশালার পর, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের সড়ক ও মহাসড়কে চলাচল নির্বিঘ্ন রাখা, যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পশুর হাট ব্যবস্থাপনা সংক্রান্ত করণীয় নির্ধারণে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির একটি ‘বিশেষ সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, পশুর হাটে জালিয়াতি ও চাঁদাবাজি রোধ এবং সড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।