স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীর মিরপুরে এক ছাত্রলীগ নেতার পরিবারের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন তৎকালীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর, রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মো: শরাফত হোসেন মোঘল বর্তমানে জীবননাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার।
পরিবারের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকেই একাধিকবার হামলার শিকার হয়েছেন মো: শরাফত হোসেন মোঘল। তাকে খুঁজতে গিয়ে দুর্বৃত্তরা রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতা রোডের ৫০১/৩ নম্বর বাসার ফ্ল্যাট ডি-৩ এ হামলা ও ভাঙচুর চালায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফ্ল্যাটের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের চিহ্ন এখনো স্পষ্ট। বাসার ভেতরের আতঙ্কিত পরিবেশ যেন সেই বিভীষিকার কথাই জানান দিচ্ছে।
কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শরাফতের স্ত্রী। তিনি অভিযোগ করে বলেন,
“আমার স্বামীকে খুঁজতে এসে আমার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এটা আমার বাবার বাড়ি। আমার বাবা মোশারফ সাহেব খুবই সহজ-সরল মানুষ। আমরা এখন কোথায় যাব? আমার স্বামী মৃত্যুভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।”
তিনি আরও বলেন, প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের। যেকোনো সময় আবারও হামলার শঙ্কায় রাত কাটাতে হচ্ছে নির্ঘুম অবস্থায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার রাতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।
এ ঘটনায় পরিবারটি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি করেছে। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।







