জীবন-মরণ জানে— ব্যাপ্তির জাহানে—
আকাশ প্রাণে— মাটির ঘ্রাণে—
২৬ মার্চ আমরা বীর বাঙালি
অন্তরে দাউ দাউ দহন জ্বালি
বেড়ে উঠেছি আমরা বাংলার হৃদিভূমি সন্তান
জীবনের যত ক্ষত— বুকের বসতি অম্লান
বিশ্বাসী বুকের বিভব বিশ্বাস
সারাবাংলার কোথাও নাই কোনো ভয়ের বাস
বারুদ ভেদ করে নিই মুক্তির নিশ্বাস!
১৯৭১ সন— মার্চ মাস ২৬ তারিখ—
মানুষ ঠিক ঠিক হয়েছে প্রেমিক!
মিটিমিটি জ্বলে জোনাকি—
জীবনের আকাশে দিগন্ত কি!
পূর্ণাঙ্গ আঁধারে— বিচরণ বাহারে— জীবনের সকল ধারে
চুলোয় পুড়ে যাক— জীবনের যত ক্ষত— বাংলা বাঁচার পণ
দখলমুক্ত করব খুকুর এক্কা-দোক্কার অঙ্কিত আবাস উঠোন—
২৬ মার্চ একটি জন্মগ্রহণ, একটি জন্মদিন
অসীমের সখ্যে দিশেহারা— দেখার সমস্ত কণিকা-ঋণ—
হৃদস্পন্দনের অস্তগামী অম্বরে—
বদ্ধতায় অপর্যাপ্ত পরিসরে—
বেদনাবিধুর মানুষ যতনে বোনে—
নিরন্তর নিস্তব্ধতায় শোনে
খাঁচাস্থ অবকাশে পশ্চিমাকাশে
দোয়েলের দুর্নিবার দিগন্তর শিস—
১৯৭১— মার্চ ২৬!
শরীরের সমগ্র রক্তে বহে ঝড়-তুফান
অনাগত শান্তির ইথার-তরঙ্গে বার্তা অফুরান
বাংলা-বাঙালির রণে— মনের পণে
মস্তিষ্কের কোষে সকল ফিউশনে—
অস্থি মজ্জায় অসহায় সায়— বাঁধার আঁধার দাস!
বারুদ ভেদ করে নিই মুক্তির নিশ্বাস!
২৬ মার্চ আমরা বীর বাঙালি
অন্তরে দাউ দাউ দহন জ্বালি
জীবন-মরণ জানে— ব্যাপ্তির জাহানে—
আকাশ প্রাণে— মাটির ঘ্রাণে!





