বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত গাইবান্ধা জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ একটি জাতীয় ভিত্তিক জোট, যেখানে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি, কর্পোরেশন ও বিভিন্ন দাপ্তরিক কর্মচারী সংগঠনসমূহ একত্রিত রয়েছে। সংগঠনটির এক দফা দাবির মধ্যে রয়েছে ১:৪ অনুপাতে ১২টি গ্রেড নির্ধারণ করে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা মূল বেতনে বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে-স্কেল ঘোষণা, দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১লা জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা। আরও বক্তব্য দেন রেজাউল করিম, সহকারী অধ্যক্ষ (অর্থনীতি), ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম। এছাড়া মোঃ শফিউল ইসলাম, সহকারী অধ্যক্ষ (রসায়ন) ও সাংগঠনিক সম্পাদক, এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশা জোট, পলাশবাড়ী কর্মচারীদের পক্ষে দাবি তুলে ধরেন।
অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক (এলজিইডি)। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (ডিসি অফিস) এবং রানা মিয়া, প্রাণিসম্পদ বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, বর্তমান বেতন কাঠামোতে চরম বৈষম্য বিদ্যমান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে কর্মচারীরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই প্রতীকী অনশন কর্মসূচিতে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।






